দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ‘অনুকূল পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠাতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথম বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্যও ভারতকে অনুরোধ জানানো হয়।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একাধিক আইনি কার্যক্রম চলছে এবং গত নভেম্বরে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সম্প্রতি দেশ ছাড়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। অনলাইন অডিও সম্মেলনে তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানান। তাঁর ভারতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
শেখ হাসিনাকে নিয়ে ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারতের সমালোচনা করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে ঢাকা।
বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ ভারত আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে ভারতের হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক নিয়ে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুর মধ্যেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক ও আরও শক্তিশালী করার উদ্যোগ হিসেবে তারেক রহমানের সঙ্গে ভারতের নতুন হাইকমিশনারের এ বৈঠককে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
এমএস/